আওয়ামীপন্থি কর্মকর্তাদের পদোন্নতির তোড়জোড়

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১০:৩৭:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১০:৩৭:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
খুলনা ওয়াসায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত বিতর্কিতদের পদোন্নতির তোড়জোড় চলছে। আজ সোমবার নিয়োগ ও পদোন্নতি সভায় তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে। এ নিয়ে ওয়াসার ভেতরে-বাইরে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে খুলনা ওয়াসায় প্রকল্পে নিয়োগ পান কয়েকজন কর্মকর্তা। প্রকল্প শেষে তাদের রাজস্ব খাতে স্থায়ী নিয়োগ দেওয়া হয়। দলীয় সুপারিশে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তার বিরুদ্ধে নানা দুর্নীতি-অনিয়মের বিস্তর অভিযোগ রয়েছে। তারপরও এসব কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চলছে। গতকাল রোববার ঢাকায় বোর্ড সভায় এ প্রস্তাব ওঠে। আজ সোমবার খুলনায় নিয়োগ ও পদোন্নতি সভায় তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে। এ নিয়ে ওয়াসার ভেতরে-বাইরে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

খুলনা ওয়াসা সূত্রের তথ্য অনুযায়ী, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) আর্থিক সহযোগিতায় দুই হাজার ৫৫১ কোটি ব্যয়ে ২০১১-১৯ মেয়াদে খুলনা পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়িত হয়। ২০১১ সালে এই প্রকল্পে খান সেলিম আহম্মদকে প্রকল্প ব্যবস্থাপক/তত্ত্বাবধায়ক প্রকৌশলী, কামাল হোসেন ও আরমান সিদ্দিকীকে নির্বাহী প্রকৌশলী, মোস্তাফিজুর রহমান, চিন্ময় কুমার বৈদ্য ও মাহবুবুর রহমান শামীমকে উপসহকারী প্রকৌশলীসহ আরো কিছু কর্মচারী নিয়োগ করা হয়।

আওয়ামী আমলের রীতি অনুযায়ী, নিয়োগের সময় এসব কর্মকর্তার সুপারিশপত্রে স্পষ্টভাবে ‘আওয়ামী লীগ পরিবারের লোক’ হিসেবে উল্লেখ ছিল। ২০১৭ সালের ১৬ নভেম্বর ওয়াসার ৫২তম বোর্ড মিটিংয়ে ওইসব কর্মকর্তাসহ ১০ জনের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ও স্থায়ী করার সুপারিশ করা হয়। সে অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-৩ অধিশাখা ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি ৯ জনের স্থায়ী নিয়োগ অনুমোদন করে। ওয়াসার আওয়ামী সরকারের সময়ের মেগা প্রকল্পগুলো তাদের মাধ্যমেই পরিচালিত হতো। আওয়ামী সরকার পতনের পরও ওই সিন্ডিকেটই বহাল তবিয়তে রয়েছে। আজ সোমবার বিশেষ পদোন্নতির মাধ্যমে তাদের পুরস্কৃত করার প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

মেগা প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা খান সেলিম আহাম্মদকে প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পানি সরবরাহ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার হিসেবে ওয়াসার তৎকালীন এমডি অটোমোবাইল ইঞ্জিনিয়ার আবদুল্লাহ পিইঞ্জের সঙ্গে মিলে কোটি কোটি টাকার দুর্নীতিতে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]