পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি হত্যা মামলায় কারাগারে

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৯:৪৯:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৯:৪৯:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক সাব্বির বিন শামসকে গণঅভ্যুত্থানের সময় আগুনে পুড়ে ছয়জনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার তাকে লালমনিরহাটের আমলি আদালতে পাঠানো হয়। বিচারক মো. আলাউদ্দীন তার জামিন আবেদন নামঞ্জুর করে সন্ধ্যায় তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম।

গত শনিবার পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে রাতেই তাকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান চলাকালে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের বহুতল বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওইদিন সেখানে আগুনে পুড়ে ছয়জনের মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২৭ মে সদর থানায় একটি মামলা হয়। তদন্তে আসামি হিসেবে সাব্বির বিন শামসকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দুদকের মামলাও রয়েছে।

আদালতে নেওয়া সময় সাব্বির বিন শামস সাংবাদিকদের বলেন, তিনি ২০২০ সালের আগস্ট মাসে আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নির্বাহী পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন।

২০২১ সালে তৎকালীন সরকার তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি হিসেবে তাকে নিয়োগ দেয়। প্রায় সাত মাস ওই পদে তিনি দায়িত্ব পালন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের (ইউকে) বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার পাবলিক ডিপ্লোম্যাসি পদে নিয়োগ পান। ২০২৩ সালে ওই পদ থেকে পদত্যাগ করে তিনি ঢাকায় ফিরে আসেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]