​হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৯:৩৪:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৯:৩৪:৩৭ অপরাহ্ন

‎লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি 

হবিগঞ্জের শ্রমিকদের মারধরের ঘটনার জেরে আবারও অচল হয়ে পড়েছে হবিগঞ্জের পরিবহন খাত। আজ রোববার (১৭-মে) সকাল থেকে হবিগঞ্জ-সিলেট ও মৌলভীবাজারসহ জেলার সব অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বিরতিহীন বাস চলাচল বন্ধ করে দিয়েছে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনে গন্তব্যে বের হওয়া সাধারণ যাত্রীরা।

হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুহেল চৌধুরী প্রথম সিলেট কে বলেন, গত ১৪ মে সিলেটের বিভাগীয় কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জ থেকে মৌলভীবাজার হয়ে সিলেট রুটে পুনরায় বিরতিহীন বাস চলাচল শুরু হয়েছিল। কিন্তু গতকাল শনিবার সকাল থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘মৌলভীবাজার এসএমএস বাস মালিক সমিতির’ লোকজন আমাদের কয়েকটি বাস আটকে চালক ও স্টাফদের মারধর করে।

সুহেল চৌধুরী আরও জানান, এই মারধরের প্রতিবাদে গতকাল তারা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অনুরোধে অবরোধ স্থগিত করা হয়। হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদের প্রস্তাবে মটর মালিক গ্রুপ মৌলভীবাজারে একটি স্টপেজ ছাড় দিতে রাজি হলেও প্রতিপক্ষ তাতে সাড়া দেয়নি। প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে মৌলভীবাজারে এখনো বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে, যার প্রতিবাদে আজ সকাল থেকে বাস চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী অভিযোগ করে বলেন, বিভাগীয় কমিশনারের সিদ্ধান্ত কার্যকর না করে পেশিশক্তির মাধ্যমে বারবার বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে, যা প্রশাসনের প্রতি প্রকাশ্য অবজ্ঞার শামিল।

পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরেই হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বিরতিহীন বাস চলাচলকে কেন্দ্র করে হবিগঞ্জ বিরতিহীন পরিবহন ও মৌলভীবাজার এসএমএস বাস মালিক সমিতির মধ্যে বিরোধ চলে আসছে। কয়েক দিন আগেও শেরপুর এলাকায় হবিগঞ্জের বাস আটক ও চালকদের মারধরের ঘটনায় টানা দুই দিন বাস চলাচল বন্ধ ছিল।

এদিকে দফায় দফায় বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। টার্মিনালে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই জেলার বাস মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর ব্যবসায়িক স্বার্থের বলি হতে হচ্ছে সাধারণ মানুষকে। চিকিৎসা, চাকরি বা পরীক্ষার মতো জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষের দুর্ভোগের কথা কেউ ভাবছে না।

যোগাযোগ করা হলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী প্রথম সিলেট কে বলেন, গতকাল শনিবার দুই পক্ষের সঙ্গে কথা হলেও সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। সমস্যা মেটাতে আজ ঢাকায় দুই পক্ষের কেন্দ্রীয় নেতাদের বসার কথা রয়েছে।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, স্থায়ী সমাধানের জন্য উভয় পক্ষের সাথে স্থানীয় প্রশাসনের আলোচনা ও যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে ঢাকা-সিলেট হাইওয়েতে দূরপাল্লার যানবাহন চলাচল সচল আছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]