রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে গোপালপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য সাকির বিরুদ্ধে সরকারি গাছ কেটে গোপনে বিক্রি করার অভিযোগ উঠেছে। সরজমিনে ঘটনাস্থলে যেয়ে দেখা যায় শ্যামপুর বাজার পার হয়ে বিসমিল্লাহ নার্সারী থেকে আকন্দ পাড়ার যাওয়ার পথে রাস্তার ধারে বিক্রি করার গাছের গুঁড়ি মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে।
পরে স্হানীয়রা জানান, ঝড় বৃষ্টিতে ইউক্লপটার গাছটির গোঁড়া থেকে মাটি সরে গেলে হেলে যায়। এতে স্হানীয় ইউপি সদস্য সাকি তার লোকজন নিয়ে এসে গাছটি রাতারাতি কেটে বিক্রি করেন। গাছটি আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
নাম প্রকাশ না করার শর্তে শ্যামপুর বাজারে কয়েকজন দোকানদার জানান, মেম্বার সাকি গাছটি সরকারি বিধি লংঘন করে গোপনে বিক্রি করেছেন। তিনি একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে এ কাজ করতে পারে।
স্হানীয় চৌকিদার জানান, আমি মেম্বার কে বলে ছিলাম গাছটি যখন হেলে পড়ছে তখন গাছটি কাটার জন্য সরকারি অনুমোদন নেওয়া লাগবে। কিন্তু মেম্বার আমার কথা শুনেনি।
অভিযুক্ত ইউপি সদস্য সঙ্গে যোগাযোগ করার জন্য তার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তাকে পাওয়া যায়নি। মুঠোফোন তার সঙ্গে যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়।
গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক বলেন, গাছ কাটার বিষয়ে আমাকে সাকি মেম্বার জানায়নি।
বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান সুলতানা বলেন, গাছ কাটার বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।