দেশে পৌঁছেছে কারিনার লাশ, একাধিক জানাজা আজ

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৭:২৬:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৭:২৬:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
লিভারের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চেন্নাই থেকে তার লাশ ঢাকায় আনা হয়।

পরিবার সূত্রে জানা গেছে লাশ দেশে পৌঁছানোর পর রাজধানীতে তিনটি জানাজা অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব প্রথম জানাজা হবে বনানী ডিওএইচএস জামে মসজিদে। এরপর রাত ৮টায় বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

সবশেষে রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে তৃতীয় জানাজা। সেখানে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রত্যাশা করছে পরিবার।

এদিকে আগামীকাল সোমবার (১৮ মে) সকাল ৭টায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আব্দুল্লাপুর এলাকায় চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কারিনা কায়সারকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট নির্মাণের মাধ্যমে তরুণ দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন কারিনা।
কেবল কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই নয়, সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্ম ও নাটকেও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও চলচ্চিত্র ‘৩৬-২৪-৩৬’। কারিনা কায়সারের অকাল প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই মেধাবী অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

কারিনা কায়সারকে নিয়ে নিজের ফেসবুকে নির্মাতা ও সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, ‘যখন মানুষের পাশে দাঁড়ানোর ডাক আসছিল তুমি নির্দ্বিধায় দাঁড়াইছিলা, কারিনা। বাংলাদেশ তোমাকে মনে রাখবে। আর আমি মনে রাখব তোমার উইটের কারণে, তোমার ডিলাইটফুল প্রেজেন্সের কারণে। তোমার সঙ্গে করা কাজ ৩৬-২৪-৩৬-য়ের কারণে। চলচ্চিত্র নির্মাতা ফারুকী লেখেন, তুমি যেদিন প্রথম আমাদের বাসায় আসো সেদিন তুমি আমার আর তিশার সঙ্গে ছবি তুলতে চাইছিলা। বলছিলা আমাদের ফ্যান তুমি। আমরা বলছিলাম, আমরা তোমার ফ্যান। তুমি লজ্জা পেয়ে হাসতেছিলা। তিনি লেখেন, মানুষ মরে গেলে নাকি সব সত্য দেখতে পায়। এখন নিশ্চয়ই তুমি বিশ্বাস করছো আমরা তোমার অনেক বড় ফ্যান ছিলাম। অনেক অনেক কথা মনে পড়ছে। সাবেক এই উপদেষ্টা আরো লেখেন, আল্লাহ, তোমাকে বেহেশত নসিব করুক, কারিনা। এই পোস্টে যদি হাহা দেখো, জানবা কিছু লোক শুধু মানুষ হত্যার জন্য বিখ্যাত তা না, মৃত্যুতে উল্লাস করবার জন্যও বিখ্যাত। ইউ নো দেম, বাংলাদেশ নোজ দেম। রেস্ট ইন পিস, মাই সিস্টার!’

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]