বিসিবির কাউন্সিলর হলেন সিসিক প্রশাসক

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৪:১০:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৪:১০:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। রোববার তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরেই তিনি দেশের ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং জেলা বিএনপির সভাপতি।

সম্প্রতি তাকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও মনোনীত করা হয়েছে।

বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে বর্তমানে কাউন্সিলর মনোনয়নের চূড়ান্ত প্রক্রিয়া চলছে।
দেশের ক্রিকেট প্রশাসনের গুরুত্বপূর্ণ এই নির্বাচন এবার অনুষ্ঠিত হবে একটি অ্যাডহক কমিটির অধীনে। সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন ওই কমিটি বর্তমানে বিসিবির কার্যক্রম পরিচালনা করছে।

নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, ক্লাব, জেলা ও বিভাগ-এই তিন ক্যাটাগরি থেকে মোট ১৯২ জন কাউন্সিলরের তালিকা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে। কাউন্সিলররাই পরবর্তীতে ভোটের মাধ্যমে বিসিবির পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচন করবেন।

ঘোষিত তফসিল অনুসারে, ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ মে আপত্তি গ্রহণ এবং ১৯ মে শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিতরণ এবং ২১ ও ২২ মে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ২৩ মে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

১ জুন থেকে আবারো নির্বাচনি কার্যক্রম শুরু হবে। ৭ জুন রাজধানীর মিরপুরে বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে আরও দুইজন পরিচালক অন্তর্ভুক্ত হবেন। পরে নির্বাচিত ২৫ পরিচালকের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]