​পাওনা টাকা চাওয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধ শ্রমিকের

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৩:০২:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৩:০২:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছেলেকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে বাবুল মিয়া (৬২) নামে এক বৃদ্ধ শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১৭ মে) সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত বাবুল মিয়া ওই গ্রামের মৃত সোনাহর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, প্রায় ২০-২৫ দিন আগে বাবুল মিয়ার ছেলে সিরাজুল ইসলাম একই গ্রামের হাবিবুর রহমানের জমিতে ধান কাটার কাজ করেন। ওই কাজের বাবদ ১০ থেকে ১৫ হাজার টাকা পাওনা ছিল তার।

রোববার সকালে সিরাজুল ইসলাম অন্য একটি জমিতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় সেখানে হাবিবুর রহমানকে দেখে তিনি পাওনা টাকা দাবি করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে হাবিবুর রহমানের সঙ্গে থাকা কয়েকজন সিরাজুল ইসলামের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

পরিবারের অভিযোগ, ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে বাবুল মিয়াকেও মারধর করা হয়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত জানান, হাসপাতালে নেওয়ার আগেই বাবুল মিয়ার মৃত্যু হয়েছিল।

খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]