কুড়িগ্রামের দুই উপজেলা টানা ২২ ঘণ্টা বিদ্যুৎহীন

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০১:০৭:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০১:০৭:১৯ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার রৌমারী ও চর রাজিবপুরে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থায় চরম বিপর্যয় দেখা দিয়েছে। এতে বাংলালিংক, গ্রামীণফোন, রবি ও এয়ারটেলসহ সব অপারেটরের গ্রাহকরা পড়েছেন চরম ভোগান্তিতে।
 
শনিবার (১৬ মে) রাত সাড়ে ১০টায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক সেবা পুরোপুরি সচল হয়নি।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে আবহাওয়াজনিত কারণে আকস্মিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। যা শনিবার (১৬ মে) রাত সাড়ে ১০টা পর্যন্ত স্থায়ী হয়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গতকাল রাত থেকেই মোবাইল নেটওয়ার্কে কিছুটা বিঘ্ন ঘটছিল। তবে শনিবার সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার সব সিমের নেটওয়ার্ক ও মোবাইল ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। মোবাইল নেটওয়ার্কের পাশাপাশি বন্ধ রয়েছে স্থানীয় ব্রডব্যান্ড (ওয়াইফাই) ইন্টারনেট সেবাও।
 
রৌমারী বাজারের কম্পিউটার ব্যবসায়ী মোঃ সুখ বাদশা বলেন, গত রাত থেকে আজ রাত পনে ১০টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। পরে বিদ্যুৎ এলেও এখন পর্যন্ত মোবাইলে কোনো নেটওয়ার্ক পাচ্ছি না। ফলে আমাদের ব্যবসায়িক কাজকর্ম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।
 
রৌমারী দাঁতভাঙ্গা বাজারের বিকাশ ব্যবসায়ী মোঃ রিয়াজুল ইসলাম বলেন, মোবাইল নেটওয়ার্ক না থাকায় সকাল থেকে বিকাশে কোনো লেনদেন করতে পারছি না। জরুরি প্রয়োজনে টাকা পাঠাতে বা তুলতে এসে গ্রাহকরা চরম বিপাকে পড়েছেন।
 
চর রাজিবপুর বাজারের অনলাইন ব্যবসায়ী মোঃ রাশিদুল ইসলাম জানান, রাতে ঝড় হওয়ার পর থেকেই বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক ও ওয়াইফাই সেবা বন্ধ হয়ে যায়। রাত ১০টার পর বিদ্যুৎ এলেও নেটওয়ার্ক না থাকায় অনলাইন ভিত্তিক সব কাজ বন্ধ রয়েছে।
 
এ বিষয়ে যোগাযোগ করা হলে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ দেলোয়ার হোসেন জানান, গত রাতে ঝড়-বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইনের ওপর গাছপালা ভেঙে পড়ে। ফলে নিরাপত্তা ও ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়। পরবর্তীতে মেইন লাইনে দ্রুত রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে আজ রাত থেকে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হচ্ছে।
 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]