যুক্তরাষ্ট্র যাত্রার প্রস্তুতি শুরু করল ইরান

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ১২:১৯:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ১২:১৯:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
ফিফা বিশ্বকাপের আগে তুরস্কে প্রস্তুতি শিবির করতে যাচ্ছে ইরান জাতীয় ফুটবল দল। সোমবার আনতালিয়ার উদ্দেশে রওনা দেবে দলটি। সেখানে তারা অনুশীলন করবে এবং প্রীতি ম্যাচ খেলবে। পাশাপাশি আমেরিকার ভিসার জন্য প্রয়োজনীয় কাজ সেরে নেবে। শনিবার এই তথ্য জানিয়েছেন দলের কোচ আমির গালেনোই।

মার্চ মাসেও আনতালিয়ায় অনুশীলন ও প্রীতি ম্যাচ খেলেছিল ইরান। এবারও একই জায়গায় ফিরছে দলটি।

এবারের শিবিরে ৩০ জন খেলোয়াড় থাকবেন। তবে বিশ্বকাপে দল নামাতে হয় সর্বোচ্চ ২৬ জন নিয়ে। তাই চূড়ান্ত দলে যাওয়ার আগে চারজনকে বাদ দিতে হবে। দলের সবচেয়ে পরিচিত নাম ৩৩ বছর বয়সী মেহদি তারেমি। সাবেক পোর্তো এই স্ট্রাইকার এখন অলিম্পিয়াকোসে খেলছেন।

কোচ গালেনোই ইরানি ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে বলেছেন, ‘বিশ্বকাপের আগে এই চূড়ান্ত শিবিরের জন্য ৩০ জনকে বাছাই করা আমার কোচিং জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল।’

আনতালিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে ইরানের। ইরানি-কানাডিয়ান ব্যবসায়ী সাম মেহদিজাদেহ জানিয়েছেন, ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি ম্যাচ নিশ্চিত হয়েছে। তিনিই ইরান দলের প্রীতি ম্যাচ আয়োজনের দায়িত্বে থাকেন।

ভিসার বিষয়টি এখনো সমাধান হয়নি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৯৮০ সাল থেকে কূটনৈতিক সম্পর্ক নেই। তাই খেলোয়াড়দের তুরস্কে থাকাকালীনই আমেরিকার ভিসার প্রক্রিয়া শেষ করতে হবে।

ইরানি ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ বৃহস্পতিবার দেশীয় গণমাধ্যমকে বলেছেন, ‘এখনো কোনো ভিসা দেওয়া হয়নি।’ তিনি জানিয়েছেন, ভিসার অংশ হিসেবে খেলোয়াড়দের আঙুলের ছাপ দিতে হবে। তবে আনতালিয়া থেকে আঙ্কারা যাওয়া আসার দূরত্ব ৪৫০ কিলোমিটারের বেশি হওয়ায় সেখানে যেতে চাইছেন না তারা।

তাজ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে আলোচনা করতে চান। চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে ইরানের দলের নিরাপত্তা নিয়ে ফিফার কাছ থেকে নিশ্চয়তা চাইছে তেহরান। শনিবার ইস্তাম্বুলে তুরস্ক ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম এতহেম হাচিওসমানোগলু এবং ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রমের সঙ্গে বৈঠক করেছেন তাজ ও ইরানি প্রতিনিধি দল।

তুরস্ক ফুটবল ফেডারেশন সামাজিক মাধ্যমে জানিয়েছে, ‘এই বৈঠকে বিশ্বকাপের আগে ইরান জাতীয় দলের তুরস্কে প্রশিক্ষণ শিবির ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।’

আমেরিকায় পৌঁছানোর পর ইরান দল অ্যারিজোনার তুসানে তাদের বেস ক্যাম্প করবে। গ্রুপ জি-তে ইরানের প্রথম ম্যাচ ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর একই শহরে বেলজিয়াম এবং সিয়াটলে মিসরের মুখোমুখি হবে দলটি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]