প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: পানিসম্পদ মন্ত্রী

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৮:৫১:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৮:৫১:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়নে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। তিনি বলেন, এ কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন হবে এবং প্রয়োজনীয় পুষ্টির জোগান দেওয়া সম্ভব হবে।

শনিবার লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে অনলাইনে সংযুক্ত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন।

ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক—এ প্রত্যয়ের আলোকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে।

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, জনগুরুত্বপূর্ণ ও জনকল্যাণে বর্তমান সরকার কাজ করছে। ইতোমধ্যে পাইলটিং হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে, কৃষি কার্ড বিতরণ করা হয়েছে। তিন মাসের মধ্যে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান মন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিকে পুনরায় চালু করা হয়েছে, যা কৃষিতে নবজাগরণ ও বিপ্লব সূচিত করবে বলে তিনি জানান।

এ সময় নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এক হাজার ২৫০ জনকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রশাসনের পদস্থ কর্মকর্তা, উপকারভোগীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]