শেরপুরে হাম উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৮:৪০:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৮:৪০:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
শেরপুরে হাম উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হওয়া ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের হাম ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শিশুটির নাম সাফুয়াত। সে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামের দিনমজুর মো. মোজাম্মেলের ছেলে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, গত তিনদিন ধরে শিশুটি জ্বর, শ্বাসকষ্ট ও শরীরে গুটি নিয়ে অসুস্থ ছিল। অবস্থার অবনতি হলে শনিবার সকাল ৮টার দিকে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

শিশুটির দাদি মাহফুজা বেগম জানান, কয়েকদিন ধরে সাফুয়াতের জ্বর ও শরীরে ফুসকুড়ি দেখা দিয়েছিল। অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুন নাহার বলেন, “জ্বর, শ্বাসকষ্ট ও হামের উপসর্গ নিয়ে শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।”

শেরপুর জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্টার ডা. আরাফুরন্নাহার বলেন, “শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। আমরা সর্বোচ্চ চিকিৎসাসেবা দিয়েছি এবং উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। তবে আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারটি সেখানে নিতে পারেনি। পরে সকাল সাড়ে ১১টার দিকে শিশুটি মারা যায়।”

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৬০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]