অতীতের মেয়র-কাউন্সিলররা জনগণের স্বাস্থ্য সুরক্ষার পরিকল্পনা নেয়নি

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৮:২৩:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৮:২৩:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্বাস্থ্যখাত সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে ডাকসু ভিপি সাদিক কয়েম বলেছেন, ঢাকা সিটি করপোরেশনে অতীতে যারা মেয়র এবং কাউন্সিলর ছিলেন তারা কেউই জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য কোনো পরিকল্পনা নেয়নি।

শনিবার রাজধানীর নিউ ইস্কাটন মসজিদ রোডে শিশু কিশোর খেলার মাঠে রমনা সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পরও আমাদের নাগরিকদের স্বাস্থ্যসেবায় রাষ্ট্র কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। যেখানে উন্নত বিশ্বের এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। কিন্তু আমরা নেতৃত্ব বাছাই করতে ভুল করায় বারবার দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কবলে আমাদেরকে পড়তে হয়েছে। ফলে আমি, আপনি, আমার বা আপনার পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসময় তিনি রমনা বাসীর উদ্দেশ্যে বলেন, আগামীর নেতৃত্ব নির্বাচনে সৎ, যোগ্য ও প্রো-একটিভ নেতৃত্ব নির্বাচন করতে হবে। তবেই নাগরিক তার প্রাপ্য অধিকার বুঝে পাবে।

তিনি বলেন, মনে রাখতে হবে, যারা সমাজের নেতৃত্ব দেবে তাদেরকে প্রো-একটিভ হতে হবে। যাদের সুপরিকল্পিত চিন্তা-চেতনায় সমাজের প্রতিটি মানুষ উপকৃত হবে। কিন্তু নির্বাচন আসলে অনেক নেতা দেখা যায় যারা নির্বাচনের আগে চমকপ্রদ গল্প শুনায়। বাস্তবে তাদের কথা এবং কাজের মধ্যে আমরা মিল দেখা যায় না।

রমনা সমাজ কল্যাণ সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমনের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোসাইটির (পঞ্চায়েত কমিটি) সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলম সুমন। রমনা সমাজ কল্যাণ সোসাইটির কোষাধ্যক্ষ আকবর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রমনা সমাজ কল্যাণ সোসাইটির সেক্রেটারি মো. আতিকুর রহমান, ডা. তোফাজ্জল হোসেন প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, শিশু, চর্ম, গাইনি ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ সেবা প্রত্যাশিদের স্বাস্থ্য সেবা প্রদান করেন। এ সময় ৩৫০ জনকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। পরে মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসেন রমনা সমাজ কল্যাণ সোসাইটির উপদেষ্টা ড. মো. হেলাল উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন সোসাইটির সদস্য যথাক্রমে আব্দুল্লাহ আল ফারুক, আব্দুল্লাহ আল মারুফ, আহম্মদ আলী সরকার, আব্দুল করিম মুরাদ, ফারুক হোসেন প্রমূখ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]