নজর কাড়লেন সত্তরোর্ধ্ব তারকারা

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১০:৪১:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১০:৪১:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কানের লাল গালিচা বা রেড কার্পেট বরাবরের মতোই আভিজাত্য আর গ্ল্যামারের কেন্দ্রবিন্দু। তবে ২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবে এই গ্ল্যামারে এসেছে এক ভিন্ন মাত্রা। ফ্যাশন ও স্টাইলের কারণে এবার সংবাদমাধ্যমের শিরোনামে সবচেয়ে বেশি এগিয়ে আছেন সত্তরোর্ধ্ব নারী তারকারা।

৯২ বছর বয়সী জোন কলিন্স এবার স্টেফান রোল্যান্ডের নকশা করা একটি সাদা রঙের স্ট্র্যাপলেস গাউন পরে লাল গালিচায় হাঁটেন। ৮৮ বছর বয়সী জেন ফন্ডা পরেছিলেন গুচির তৈরি মেঝে ছোঁয়া সিকুইন ড্রেস। এ ছাড়া ৭৩ বছর বয়সী ইসাবেলা রোসেলিনিকে দেখা গেছে একটি আকর্ষণীয় নকশার টু-পিস পোশাকে এবং ৮২ বছর বয়সী ক্যাথরিন ডেন্যুভ পরেছিলেন গাঢ় সবুজ রঙের সাটিনের পোশাক ও হুপ ইয়াররিং।

এই প্রবীণ তারকারা নিজেদের চলচ্চিত্র বা বিভিন্ন প্রজেক্টের প্রচারণায় এই উৎসবে এসেছেন। জোন কলিন্স এবং ইসাবেলা রোসেলিনি অভিনয় করেছেন ওয়ালিস সিম্পসনের বায়োপিক ‘মাই ডাচেস’-এ, আর জেন ফন্ডা এসেছিলেন লরিয়েলের একটি অনুষ্ঠানে। লাল গালিচায় তাদের এই জোরালো উপস্থিতি বয়স বৈচিত্র্যের এক দারুণ প্রমাণ।

বয়স ধরে রাখার প্রচলিত ধারণার বাইরে গিয়ে স্টাইল নিয়ে কাজ করা ‘দ্যাটস নট মাই এজ’ ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা অ্যালিসন ওয়ালশ বলেন, ‘লাল গালিচায় এই বয়সী নারীদের দেখা সত্যিই অসাধারণ। জোন কলিন্সকে আমার মায়ের বয়সী হয়েও সুপার-গ্ল্যামারাস দেখাচ্ছে, যা অবিশ্বাস্য।’

ফ্যাশন দুনিয়ায় এই পরিবর্তনটি বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে। ৬০ বছর বয়সী অভিনেত্রী ডেমি মুর এবার কানে জ্যাকমুস এবং গুচির মতো ব্র্যান্ডের পোশাক পরে হাজির হয়েছেন। ‘এমিলি ইন প্যারিস’ খ্যাত ৬৩ বছর বয়সী অভিনেত্রী ফিলিপিন লেরয়-বিউলিউ সম্প্রতি সেন্ট লরেন্টের তৈরি একটি পার্পল ড্রেস পরেছিলেন, যা এর আগে পপ তারকা বিয়ন্সে পরে প্রশংসা কুড়িয়েছিলেন।

রোহ্যাম্পটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং ‘ফিমেল সেলিব্রিটি অ্যান্ড এজেইং:

ব্যাক ইন দ্য স্পটলাইট’-এর সম্পাদক ডেবোরা জার্মিন বলেন, ‘লাল গালিচার মূল লক্ষ্যই হলো সবার নজর কাড়া। এই বয়সী নারীদের খুব কমই আমরা এমন জায়গায় দেখতে পাই।’

তরুণদের প্রাধান্য দেওয়া ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও এখন প্রবীণ নারীদের উপস্থিতি বাড়ছে। চ্যানেল, ব্যালেন্সিয়াগা, লুই ভিটন এবং গিভেঞ্চির মতো ব্র্যান্ডগুলোর সাম্প্রতিক শো-তে ৪০ বছরের বেশি বয়সী মডেলদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। ৭৯ বছর বয়সী শিল্পী মিং স্মিথ ক্যারোলিনা হেরেরার শো-তে অংশ নিয়েছেন এবং ৭৮ বছর বয়সী লেখিকা জোন জুলিয়েট বাক অংশ নেন সেলিনের শো-তে। ২০২৩ সালে ৮৮ বছর বয়সে লোয়েভের ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী ম্যাগি স্মিথ।

২০১৩ সাল থেকে প্রবীণ মডেলদের নিয়ে কাজ করা ‘মিসেস রবিনসন’ মডেলিং এজেন্সির সহ-প্রতিষ্ঠাতা রেবি মেরিলিওন জানান, বর্তমানে ৪৫ থেকে ৬০ বছর বয়সী মডেলদের চাহিদা অনেক বেড়েছে। অনেক ক্ষেত্রে ৬০ ও ৭০ বছর বয়সীরাও ফ্যাশন শুটে অংশ নিচ্ছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]