ইরানের নতুন প্রস্তাবের প্রথম বাক্যই গ্রহণযোগ্য নয়: ট্রাম্প

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৮:২৯:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৮:২৯:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাম্প্রতিক প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেন, তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে পূর্বের অবস্থান থেকে সরে এসেছে।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের প্রস্তাবের প্রথম বাক্যই গ্রহণযোগ্য নয়। তার দাবি, ইরান আগে সম্পূর্ণভাবে পারমাণবিক কার্যক্রম বন্ধে সম্মত হয়েছিল। কিন্তু এখন তারা সেই অবস্থান থেকে পিছিয়ে এসেছে।

ট্রাম্প বলেন, তারা পুরোপুরি ‘নো নিউক্লিয়ার’-এ সম্মত হয়েছিল। যদি কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম থাকে, তাহলে আমি বাকিটা পড়ারও প্রয়োজন মনে করি না।

তিনি আরো জানান, ইরানের দেওয়া নিশ্চয়তার মাত্রা নিয়েও তিনি সন্তুষ্ট নন। ট্রাম্পের ভাষায়, তেহরান একসময় তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম বা নিউক্লিয়ার ডাস্ট ত্যাগে রাজি হয়েছিল, কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। তবে শেষ পর্যন্ত ইরান আবারো এ বিষয়ে সম্মত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি বর্তমানে আলোচনার এজেন্ডায় নেই। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমের বরাতে তিনি জানান, পরবর্তী ধাপে এ বিষয়ে আলোচনা হবে।

ইরান বরাবরই দাবি করে আসছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তবে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ছাড়তে এখন পর্যন্ত দেশটি অস্বীকৃতি জানিয়ে আসছে।

একই সময়ে ট্রাম্পকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে চাপ দেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিয়েছেন কি না এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের কারো অনুগ্রহের প্রয়োজন নেই। তবে প্রয়োজনে কিছু পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প আরো বলেন, আমাদের এক মাসের মতো একটি যুদ্ধবিরতি ছিল। তবে আমাদের অবরোধ এতটাই কার্যকর ছিল যে, সে কারণেই যুদ্ধবিরতি করা হয়েছিল।

এর আগে শুক্রবার সকালে (বেইজিং সময়) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চলবে বলে ইঙ্গিত দেন। এতে ধারণা করা হচ্ছে, ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও তিনি আবার হামলা শুরুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]