আমিরাত সফরে মোদি, প্রতিরক্ষা-জ্বালানি ও বিনিয়োগ খাতে বড় চুক্তি

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৫:৪৯:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৫:৪৯:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে ভারতের বিভিন্ন খাতে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে আবুধাবি।

বর্তমানে পাঁচ দেশ সফরের অংশ হিসেবে আমিরাত সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার আবুধাবিতে মোদি ও আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে এসব চুক্তি বিনিময় হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

দুই দেশের মধ্যে হওয়া সমঝোতাগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্ব বিষয়ক চুক্তি। এর মাধ্যমে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া জ্বালানি খাতেও সহযোগিতা বাড়াতে কৌশলগত তেল মজুত এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। এতে ভারতের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে ভারতের গুজরাটের ভাদিনারে জাহাজ মেরামত শিল্পকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন ও শিল্প সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি আমিরাত জানিয়েছে, তারা ভারতের অবকাঠামো খাতের পাশাপাশি আরবিএল ব্যাংক ও সাম্মান ক্যাপিটালে মোট ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক সংকট মোকাবিলায় সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন নরেন্দ্র মোদি। কঠিন পরিস্থিতিতে ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় দেওয়ায় আমিরাতের প্রেসিডেন্টের প্রশংসাও করেন তিনি।

এ সময় আমিরাতের ওপর হওয়া হামলার নিন্দা জানিয়ে মোদি বলেন, যেকোনো পরিস্থিতিতে ভারত আমিরাতের পাশে থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, আমিরাতে বসবাসরত ভারতীয় নাগরিকদের দেশটির সরকার পরিবারের সদস্যদের মতো দেখভাল করছে।

পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে মোদি বলেন, অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে আলোচনাভিত্তিক সমাধান ও কূটনৈতিক উদ্যোগের বিকল্প নেই।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]