পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে জমিয়তের বিক্ষোভ

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৫:৩২:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৫:৩২:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান নির্যাতন, ধর্মীয় স্বাধীনতা হরণ এবং সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা বলেন, অবিলম্বে মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা রাশেদ ইলিয়াস, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি জাবের কাসেমী, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা কামাল উদ্দিন দায়েমী ও মাওলানা আবু বকর সিদ্দিক।

এ সময় বক্তারা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের স্বার্থ, অর্থনৈতিক স্বাধীনতা ও জনগণের অধিকার ক্ষুন্ন হয়, এমন কোনো চুক্তি জাতি মেনে নেবে না।

তারা দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সরকারকে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।

এছাড়া মুসলিম উম্মাহর ওপর যেকোনো নির্যাতন এবং দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকতে আহ্বান জানান জমিয়ত নেতারা।

সমাবেশ শেষে সেখান থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা, ছাত্র-জনতা ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]