‘বাংলাদেশ এখন ২০ উইকেট নেওয়ার দল’, টেস্ট দলের বড় পরিবর্তন দেখছেন মুশফিক

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৩:৫০:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৩:৫০:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ টেস্ট দলের সবচেয়ে বড় পরিবর্তন কোথায়? অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের উত্তর পরিষ্কার—এখন দলটির হাতে আছে ২০ উইকেট নেওয়ার মতো বোলিং আক্রমণ। সিলেট টেস্টের আগেরদিন আজ সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

মুশফিক বলেন, আগে বাংলাদেশের ব্যাটিং শক্তিশালী হলেও ম্যাচ জেতার মতো ধারাবাহিক বোলিং আক্রমণের অভাব ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। তরুণ পেসারদের সঙ্গে স্পিন আক্রমণের সমন্বয়ে টেস্ট দল অনেক বেশি ভারসাম্যপূর্ণ হয়েছে।

তার ভাষায়, “আগে আমার সময় ব্যাটসম্যান ছিল, কিন্তু ২০ উইকেট নেওয়ার মতো চারজন বোলার ছিল না। এখন আমাদের বোলিং ইউনিট অনেক বেশি শক্তিশালী। স্পিন তো সবসময় ভালো ছিল, এখন পেস আক্রমণও যোগ হয়েছে।”

বিশেষ করে তরুণ পেসারদের প্রশংসা করে তিনি বলেন, শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, প্রথম শ্রেণির ক্রিকেটের অভিজ্ঞতাও একজন বোলারকে পরিণত করে তোলে। নাহিদ রানা, শরিফুল কিংবা তাসকিনদের মতো বোলাররা সেই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন।

মুশফিক মনে করেন, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতির মূল কারণ এখন ধারাবাহিক পারফরমার বেড়ে যাওয়া। তার মতে, “একটা দলে যখন পাঁচ-ছয়জন নিয়মিত পারফর্ম করে, তখন সেই দল যেকোনো কন্ডিশনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।”

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও আশাবাদী এই অভিজ্ঞ ক্রিকেটার। তিনি জানিয়েছেন, দেশের মাটিতে যত বেশি সম্ভব পয়েন্ট আদায়ই এখন দলের মূল লক্ষ্য। পাশাপাশি বিদেশের কঠিন কন্ডিশনেও এবার চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় বাংলাদেশ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]