পঞ্চগড়ে বারো আউলিয়ার মাজারে আজ ঐতিহ্যবাহী ওরস অনুষ্ঠিত

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৮:৫৯:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৮:৫৯:৩৭ অপরাহ্ন
মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহাসিক বারো আউলিয়ার মাজার শরীফে আজ অনুষ্ঠিত হচ্ছে শতবর্ষের ঐতিহ্যবাহী পবিত্র ওরস মোবারক। বাংলা সনের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারকে ঘিরে প্রতি বছরের ন্যায় এবারও মাজার প্রাঙ্গণে ভক্ত-আশেকানদের ঢল নেমেছে। দূর-দূরান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ মানুষ মাজার জিয়ারত, মানত ও দোয়া-মোনাজাতে অংশ নিতে সমবেত হয়েছেন। আটোয়ারীর বার আউলিয়া গ্রামে অবস্থিত এই মাজারকে ঘিরে রয়েছে দীর্ঘ ইতিহাস ও আধ্যাত্মিক ঐতিহ্য। জনশ্রুতি রয়েছে, সুদূর পারস্য, ইয়েমেন ও আরব অঞ্চল থেকে আগত বারোজন আউলিয়া ইসলাম প্রচারের উদ্দেশ্যে এ অঞ্চলে আগমন করেন। তাঁদের নেতৃত্বে ছিলেন হেমায়েত আলী শাহ্‌ (রহ.)। পরবর্তীতে তাঁদের আধ্যাত্মিক প্রভাব ও মানবিক আদর্শে অনুপ্রাণিত হয়ে বহু মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। আজকের ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, মিলাদ, দোয়া ও তোবারক বিতরণের। বিভিন্ন জেলা থেকে আগত ভক্তরা গরু, ছাগল, মুরগি, চাল ও নগদ অর্থ দান করছেন। আয়োজকরা জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের সমাগম ঘটতে পারে। মাজারকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশ নিচ্ছেন এই ওরসে। স্থানীয়দের ভাষায়, এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সম্প্রীতি ও মানবতার এক মিলনমেলা। স্থানীয় প্রশাসন ও মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগত ভক্তদের জন্য বিশুদ্ধ পানি, অস্থায়ী বিশ্রামাগার ও সার্বিক সহযোগিতার ব্যবস্থাও রাখা হয়েছে। উল্লেখ্য, বারো আউলিয়ার মধ্যে হেমায়েত আলী শাহ্‌ (র.), নিয়ামত উল্লাহ শাহ্‌ (র.), কেরামত আলী শাহ্‌ (র.), আজহার আলী শাহ্‌ (র.), হাকিম আলী শাহ্‌ (র.), মনসুর আলী শাহ্‌ (র.), মমিনুল শাহ্‌ (র.), শেখ গরীবুল্লাহ্‌ (র.)সহ আরও কয়েকজন আউলিয়ার মাজার এখানে অবস্থিত। যুগের পর যুগ ধরে এই মাজার উত্তরাঞ্চলের মানুষের আধ্যাত্মিক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]