প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৬:৩৭:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৬:৩৭:৫৫ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি : প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঝালকাঠি জেলায় বালক ও বালিকা—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে রাজাপুর উপজেলার দল। বুধবার বিকেলে ঝালকাঠি মিনি স্টেডিয়ামে জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুল ইসলাম মজুমদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতার হোসেন, নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. শিরিন আক্তার এবং কাঁঠালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে. এম. জামানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। জানা গেছে, জেলার চার উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের বালক ও বালিকা দল উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হওয়ার পর জেলা পর্যায়ে খেলার সুযোগ পায়। জেলা পর্যায়ে ৪টি বালক ও ৪টি বালিকা দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় কাঁঠালিয়া মডেল স্কুলকে ১-০ গোলে হারিয়ে রাজাপুর মডেল স্কুল বালক দল চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বালিকা বিভাগে কাঁঠালিয়া উপজেলার পশ্চিম শৌজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে রাজাপুরের ২২নং সাংগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এ জয়ের মাধ্যমে রাজাপুর উপজেলার বালক ও বালিকা উভয় দলই বরিশাল বিভাগীয় পর্যায়ের খেলায় ঝালকাঠি জেলা থেকে অংশ গ্রহন করবে। প্রধান অতিথি ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শিশুদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও দলগত মনোভাব গড়ে তোলে। বর্তমান প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।” তিনি আরও বলেন, “প্রাথমিক স্তর থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরি হবে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় শিশুদের সম্পৃক্ত করতে শিক্ষক ও অভিভাবকদের একযোগে কাজ করতে হবে।” ‎

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]