মৌলভীবাজারে এক দিনে ২ লাশ উদ্ধার

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ১০:২০:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ১০:২০:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে এক দিনে পৃথক দুই স্থান থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওর থেকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভাসমান অবস্থায় মাহমুদ বকস্ (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে সন্ধ্যা ৬টার দিকে মৌলভীবাজার পৌর শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে শুক্লা সিংহ (২২) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানার পুলিশ।

শ্রীমঙ্গল থানার পুলিশ জানায়, শ্রীমঙ্গল শহরতলীর নোয়াগাঁও এলাকার আছকর আলীর ছেলে মাহমুদ বকস্ মঙ্গলবার রাতে মাছ ধরার সরঞ্জাম নিয়ে হাইল হাওরে গিয়ে আর ফিরে আসেননি। বুধবার রাতে রাজাপুর এলাকায় প্রাণ কোম্পানির হ্যাচারি-সংলগ্ন জলাশয়ে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহমুদ বকসের লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, মাছ ধরতে মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়েছিলেন মাহমুদ। ধারণা করা হচ্ছে, পা পিছলে তিনি পানিতে পড়ে আর উঠতে পারেননি। লাশ উদ্ধারের সময়ও মাছ ধরার সরঞ্জাম সঙ্গে পাওয়া গেছে।

এদিকে মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে শুক্লা সিংহ নামে এক তরুণীর লাশ এক প্রবাসীর ভাড়া বাসা থেকে উদ্ধার করে পুলিশ। শুক্লা সিংহ মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালের রিসিপসনিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা তার কক্ষে ওই তরুণীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত শুক্লা সিংহা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলোকপুর গ্রামের রঞ্জন সিংহ ও লক্ষ্মী রানী সিনহা দম্পতির বড় মেয়ে।
চাকরির সুবাদে তিনি শহরের মুসলিম কোয়ার্টার এলাকার ৬৯, উত্তরায়ন নামের ওই বাসার ষষ্ঠতলায় একাই বসবাস করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ক তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]