কাউখালীতে জনবল সংকটে ধুঁকছে উপজেলা পরিসংখ্যান অফিস, সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১০:২৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১০:২৫:২৫ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি
 
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিসংখ্যান অফিসে দীর্ঘদিন ধরে চরম জনবল সংকটের কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অফিসের পাঁচটি অনুমোদিত পদের মধ্যে উপজেলা পরিসংখ্যান অফিসার, জুনিয়র পরিসংখ্যান সহকারী, চেইনম্যানসহ চারটি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় কার্যত একজন কর্মকর্তার উপর নির্ভর করেই চলছে পুরো অফিসের কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।
 
স্থানীয়দের অভিযোগ, অফিস কখন খোলে আর কখন বন্ধ থাকে তা বোঝা বড়ই মুশকিল। বিভিন্ন প্রয়োজনীয় তথ্য, জন্ম-মৃত্যু সংক্রান্ত পরিসংখ্যান, জরিপ কিংবা সরকারি কাগজপত্রের কাজে এসে অনেকেই অফিসে কাউকে না পেয়ে ফিরে যাচ্ছেন।
 
বর্তমানে পরিসংখ্যান তদন্তকারী হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মাদ আসাদুজ্জামান। তিনি একাই অফিসের ঝাড়ু দেওয়া থেকে শুরু করে দাপ্তরিক সব কাজ পরিচালনা করছেন। 
উপজেলার শিয়ালকাঠী এলাকার বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, “একটি জরুরি কাগজের জন্য দুই দিন অফিসে গিয়েছি। কিন্তু অফিস বন্ধ পেয়ে ফিরে আসতে হয়েছে। পরে জানতে পারি একজন কর্মকর্তা সব কাজ করেন, তাই বাইরে গেলে অফিস বন্ধ থাকে। 
 
সয়না গ্রামের আরেক সেবাগ্রহীতা শারমিন বেগম বলেন, “সরকারি অফিসে এসে কাউকে না পেলে মানুষের ভোগান্তি বাড়ে। দ্রুত জনবল নিয়োগ দেওয়া দরকার।
 কাউখালীতে দায়িত্বরত পরিসংখ্যান তদন্তকারী মোঃ আসাদুজ্জামান বলেন, “জনবল কম থাকায় স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে। কাউখালী অফিসের পাশাপাশি আমাকে জেলার বিভিন্ন উপজেলায় জরিপ ও শুমারি কার্যক্রমে যেতে হয়। তখন বাধ্য হয়ে অফিস বন্ধ রাখতে হয়। একজন লোক দিয়ে সব কার্যক্রম পরিচালনা করা খুবই কষ্টসাধ্য।
 
তিনি আরও বলেন, “উপজেলা পরিসংখ্যান অফিসে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হলে সেবার মান বাড়বে এবং জনগণের ভোগান্তি কমবে।
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, উপজেলা পরিসংখ্যান অফিসের জনবল সংকট সম্পর্কে আমরা অবগত আছি। বিষয়টি জেলা সমন্বয় সভায় উপস্থাপন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]