​‎লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নদীতে পড়ে যুবক নিখোঁজ

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১০:১২:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১০:১২:৩২ অপরাহ্ন
‎
‎স্বপন রবি দাস,হবিগঞ্জ প্রতিনিধি।। 
‎
‎হবিগঞ্জের লাখাই উপজেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় সুতাং নদীতে পড়ে সাদেক মিয়া (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার বামৈ ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, নয়াগাঁও গ্রামের মোজাম্মিল মিয়ার দুই ছেলে ফরাশ মিয়া ও সাদেক মিয়া বিকেলে সুতাং নদীর কাছাকাছি জমি থেকে ধান আনতে যান। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে তারা দ্রুত নৌকায় করে ফিরে আসার চেষ্টা করেন।
‎
‎সাদেকের ভাই ফরাশ মিয়া জানান,
আবহাওয়া খারাপ দেখে তিনি নৌকা চালিয়ে ফিরছিলেন। এ সময় সাদেক নৌকার সামনে বসা অবস্থায় মাথায় একটি অ্যালুমিনিয়ামের পাত্র ধরে ছিলেন। হঠাৎ বজ্রপাতের শব্দ হলে তিনি ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান এবং এরপর থেকে নিখোঁজ রয়েছেন।
‎
‎ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক এবং লাখাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালান।
‎
‎লাখাই ফায়ার সার্ভিসের টিম লিডার উত্তম কুমার বর্ধন বলেন,
“নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার কার্যক্রম জোরদার করা হবে।”
‎
‎লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতায় আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করছে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]