নারীদের হেনস্তা করায় মালয়েশিয়ায় বাংলাদেশিকে কারাদণ্ড ও বেত্রাঘাতের আদেশ

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৫:০৬:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৫:০৬:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এলআরটি ও এমআরটি স্টেশনে পাঁচ নারীকে হেনস্তার দায়ে এক বাংলাদেশিকে দেড় বছরের কারাদণ্ড ও এক বেত্রাঘাতের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৩ মে) দেশটির আদালত এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ রমজান আলী। ৪১ বছর বয়সী রমজান আলী মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

সংবাদমাধ্যম মালয়মেইল জানিয়েছে, এর আগে গত ৬ মে ম্যাজিস্ট্রেট আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড এবং ১৪ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করেছিলেন। পরে শাস্তি পুনর্বিবেচনার পর আদালত সাজা বাড়িয়ে দেড় বছরের কারাদণ্ড এবং একটি বেত্রাঘাতের আদেশ দেন।

গত ২৭ এপ্রিল রমজান আলীকে গ্রেপ্তার করা হয় এবং ওই দিন থেকেই তার সাজা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আদালতে তিনি স্বীকার করেন, গত ১০ থেকে ২৫ এপ্রিলের মধ্যে বিভিন্ন এলআরটি ও এমআরটি স্টেশন এবং এসকেলেটরে এক জার্মান নারী ও চার মালয়েশীয় নারীকে শ্লীলতাহানির উদ্দেশ্যে উত্ত্যক্ত করেন। ভুক্তভোগীদের বয়স ছিল ২১ থেকে ২৮ বছরের মধ্যে।

পরবর্তীতে ভুক্তভোগীরা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এদিকে রমজান আলীর পরিবার তাকে দেশে ফিরিয়ে নেওয়ার আবেদন জানালেও আদালত সেই আবেদন প্রত্যাখ্যান করেছেন। শুনানির সময় আদালতে তার ভাই উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]