​হবিগঞ্জ–সিলেট রুটে বাস ধর্মঘট প্রত্যাহার, আংশিকভাবে স্বাভাবিক চলাচল

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৩:৪৯:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৩:৪৯:১৪ অপরাহ্ন
‎
‎
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জ–সিলেট রুটে বিরতিহীন বাস চলাচলে বাধা ও বাস আটকে রাখার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
‎
‎প্রশাসনের পক্ষ থেকে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস পাওয়ার পর এবং যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে মঙ্গলবার গভীর রাতে পরিবহন মালিকপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
‎
‎বুধবার সকাল থেকে হবিগঞ্জ–সিলেট মহাসড়কে বিরতিহীন বাস চলাচল আবার শুরু হয়েছে। তবে ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল থেকে দিনভর হবিগঞ্জ থেকে সিলেটসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়; অনেকে বিকল্প পরিবহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হন।
‎
‎পরিবহন সংশ্লিষ্ট সূত্র জানায়, সাময়িকভাবে ধর্মঘট প্রত্যাহার করা হলেও বিরোধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শ্রীমঙ্গল-ভায়া-মৌলভীবাজার সড়কে বাস চলাচল বন্ধ রাখা হবে।
‎
‎হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন, গত রোববার সকাল ৭টা থেকে মৌলভীবাজার মোটর মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপনের নেতৃত্বে শেরপুর এলাকায় হবিগঞ্জ–সিলেট রুটের বিরতিহীন বাস আটকে দেওয়া হয়। এর প্রতিবাদে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।
‎
‎প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আলোচনার মাধ্যমে দ্রুত স্থায়ী সমাধান সম্ভব হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]