মাদকবিরোধী অভিযানে ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্রে ঝাঁপ, যুবকের লাশ উদ্ধার

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১১:৪৬:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১১:৪৬:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জামালপুরে মাদকবিরোধী অভিযানে ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে আল আমিন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সাড়ে চার ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার দুপুরে রানাগাছা ইউনিয়নের নান্দিনা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুপুরে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ধাওয় খেয়ে কয়েকজন যুবক ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেয়। তাদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আল আমিন নদীর মাঝখানে গিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা অনুসন্ধানের পর বিকেল ৫ টার দিকে নদী থেকে আল আমিনের লাশ উদ্ধার করা হয়।

আল আমিন জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের মুক্তা মিয়ার ছেলে।

জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার শহিদুল ইসলাম বলেন, সাড়ে ৪ঘণ্টা পর বিকেলে লাশ উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় নদীতে ঝাঁপ দেওয়ার বিষয়টি তাদের জানা নেই বলে দাবি করেছেন জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল আমিন।

তিনি আরো বলেন, আমরা অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছি। এর বাইরে কেউ নদীতে ঝাঁপ দিয়েছে কি না, সেটি আমাদের জানা নেই।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের কাছ থেকে লাশ গ্রহণ করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]