​‎হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার অবৈধ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১২:২৯:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১২:২৯:০৬ পূর্বাহ্ন
‎
‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।। 
‎
‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২
কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। 
‎
‎মঙ্গলবার সকালে উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয় ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল। সকাল সাতটার দিকে সন্দেহজনক দুটি হাইস মাইক্রোবাস ও একটি ট্রাকে তল্লাশি চালানো হয়।
‎
‎তল্লাশির সময় গাড়িগুলোর ককসিটের কার্টনের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেনু পোনা উদ্ধার করা হয়। তবে জব্দকৃত এসব পোনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।
‎
‎বিজিবি জানায়, চোরাইপথে ভারত থেকে এসব রেনু পোনা দেশে আনা হয়েছিল। পরে হবিগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে জব্দকৃত রেনু পোনা খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।
‎
‎হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছের রেনু পোনা আমদানি স্থানীয় মৎস্যসম্পদের জন্যও হুমকি তৈরি করে।
‎
‎তিনি আরও বলেন, সীমান্তপথে যেকোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]