পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার দীর্ঘ প্রতীক্ষিত প্রক্রিয়ায় চূড়ান্ত প্রশাসনিক অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে হাসপাতালটিতে বর্ধিত শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর পথ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হলো।
সোমবার (১২ মে) অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে,স্বাস্থ্য সেবা বিভাগের অধীন দুইটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের শয্যা সংখ্যা বৃদ্ধি ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরণে অর্থ বিভাগের সম্মতি প্রদান করা হয়েছে। এর মধ্যে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার অনুমোদনও অন্তর্ভুক্ত রয়েছে।
এ বিষয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহামদ মহোদয়ের আন্তরিক নির্দেশনা ও প্রচেষ্টার ফলেই পেকুয়ার মানুষের বহুদিনের দাবি বাস্তবায়নের পথে এগিয়েছে। এর ফলে স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তিনি আরও বলেন, বর্তমানে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ অত্যন্ত বেশি। ৩১ শয্যার হাসপাতালে প্রায় প্রতিদিনই দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি থাকেন। শয্যা বৃদ্ধি পেলে রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ, মানসম্মত ও কার্যকর হবে। পাশাপাশি নতুন জনবল,চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামোগত উন্নয়নের সুযোগও সৃষ্টি হবে।