ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর হামলা, প্রধান সহযোগীসহ আটক ৫

আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৫:৫১:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৫:৫১:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় প্রধান সহযোগীসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব-৯। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরতলায় র‍্যাব-৯ এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব-৯ এর অধিনায়ক মো. নুরুন্নবী।
 
আটকরা হলেন—আব্দুল কাদির, আব্দুর রহিম, আব্দুর রহমান প্রকাশ, নূরে আলম ও সানোয়ারা বেগম। এ সময় অভিযানে ব্যবহৃত কয়েকটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী শফিক ডাকাত ও তার সহযোগী আব্দুল হালিম পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব অধিনায়ক মো. নুরুন্নবী বলেন, এ ঘটনায় নবীনগর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর আগে গত ১১ মে বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে র‍্যাবের তিন সদস্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান। এ সময় এলাকার চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে তিন র‍্যাব সদস্যকে জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, সেখানে তাদের আটকে রেখে মারধর করা হয়। হামলার সময় র‍্যাবের এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে খবর পেয়ে র‍্যাবের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে শফিক বাহিনী এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সাম্প্রতিক এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]