পীরগাছায় দেড় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০১:০৪:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০১:০৪:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রংপুরের পীরগাছায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দেড় কেজি শুকনা গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই পেশাদার মাদক কারবারিকে আটক করেছে পীরগাছা থানার পুলিশ।

সোমবার (১১ মে) দিবাগত রাত ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার ৩নং ইটাকুমারী ইউনিয়নের নরসিংহ এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন— রংপুরের পীরগাছা থানাধীন নরসিংহ গ্রামের শ্রী বিষ্ট চন্দ্রের ছেলে শ্রী রঞ্জন চন্দ্র (৪০) ও যাদুলস্কর (রেল স্টেশন বাজার) এলাকার মৃত আব্বাস আলীর ছেলে মাইনুদ্দিন (২৮)। অভিযানকালে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার কুরুসা গ্রামের করুণা রায় (২৮) নামে এক আসামি বর্তমানে পলাতক।

পীরগাছা থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল নরসিংহ মৌজাস্থ শ্রী রঞ্জন চন্দ্রের বাড়িসংলগ্ন একটি ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হাতেনাতে রঞ্জন ও মাইনুদ্দিনকে আটক করা হয়। পরে শরীর তল্লাশি করে রঞ্জনের কাছ থেকে ১ কেজি ২৫০ গ্রাম এবং মাইনুদ্দিনের কাছ থেকে ২৫০ গ্রামসহ সর্বমোট ১ কেজি ৫০০ গ্রাম (দেড় কেজি) শুকনা গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। এছাড়া রঞ্জনের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৯৫০ টাকা এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি নীল রঙের Redmi স্মার্টফোন জব্দ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, মাদকের অবাধ প্রবাহে পীরগাছার যুবসমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। কিশোর ও যুবকদের বিপথগামী হওয়া রোধে মাদক কেবল 'নিয়ন্ত্রণ' নয়, বরং 'সম্পূর্ণ নির্মূল' করার দাবি তুলেছেন এলাকাবাসী।

স্থানীয়রা বলেন, আমরা মাদকের আংশিক নিয়ন্ত্রণ দেখতে চাই না, আমরা চাই মাদকমুক্ত পীরগাছা। প্রশাসনের এই অভিযান নিয়মিত চলুক, যাতে আমাদের সন্তানেরা একটি সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে।

পীরগাছা থানার ওসি এ কে এম খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পীরগাছাকে মাদকমুক্ত করতে পুলিশের এই জিরো টলারেন্স নীতি বজায় থাকবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]