জামায়াত নিয়ে সরকারি দলের হুইপের বক্তব্য বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৮:৫৭:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৮:৫৭:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের সরকারি দলের হুইপ মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপু গত ৯ মে শরিয়তপুরের গোসাইরহাট উপজেলা মিলনায়তনে ‘যারা জান্নাতের টিকেট বিক্রির নামে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে তারা মূলত আল্লাহর সঙ্গে বেঈমানী করে’ মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ আখ্যায়িত করে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, জাতীয় সংসদের সরকারি দলের হুইপ মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপু বাংলাদেশ জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে যে অসত্য, বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপু বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন তা হীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের এ ধরনের আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের আমরা ইতোপূর্বেও বহুবার প্রতিবাদ জানিয়েছি। তা সত্ত্বেও তারা জামায়াতকে জড়িয়ে বারবার অসত্য বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, জান্নাতের টিকেট বিক্রয়ের যে সব অভিযোগ তারা জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে উত্থাপন করেছেন তা সর্বৈব মিথ্যা। জামায়াতের কোনো নেতাকর্মী কখনো জনগণের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর জন্য জান্নাতের টিকেট বিক্রয়ের কথা বলেননি। এ ধরনের বক্তব্য বিএনপি নেতাদের নিজস্ব মস্তিষ্ক প্রসূত বানোয়াট বক্তব্য। এ বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। দেশবাসী ভালো করেই জানেন, জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে এবং জুলাই সনদে স্বাক্ষর করে এখন তা বাস্তবায়ন না করে বিএনপি নিজেরাই জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে।

তিনি জামায়াতের বিরুদ্ধে অসত্য ও বানোয়াট বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য বিএনপি নেতা ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর প্রতি আহ্বান জানান।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]