সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে সরকারকে পদক্ষেপ নিতে বললেন মামুনুল হক

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৮:৪০:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৮:৪০:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ভারতে মুসলিম নিধনের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, পশ্চিম বঙ্গ ও আসাম থেকে লাখ লাখ মুসলিমের নাগরিকত্ব বাতিল করে বাংলাদেশে পুশ‌ইন করা হচ্ছে।

তিনি বাংলাদেশের সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেন, সীমান্তে কঠোর পাহারা বসান। রাষ্ট্রদূতকে তলব করে কঠোর কূটনৈতিক বার্তা প্রেরণ করুন। বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তা রুখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।

তিনি সোমবার রাজধানীর মোহাম্মদপুরে টাউন হল চত্বরে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভারতে মুসলিম নিধনের প্রতিবাদ ও মোহাম্মদপুরে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে মোহাম্মদপুরের কওমি মাদ্রাসাগুলোর ঐক্যবদ্ধ ফোরাম ‘ইত্তেফাকুল মাদারিসিল ক‌ওমিয়া’ এ বিক্ষোভের আয়োজন করে।

মামুনুল হক বলেন, আমাদের পাশের দেশ কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল। তাদের একজন দাসীকে এদেশের ক্ষমতায় বসিয়েছিল। এদেশের মানুষ তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। এরপর এদেশের মানুষ আশা করেছিল একটি জনগণের সরকার হবে। অন্য অনেক জায়গায় অনেকটা উন্নত হলেও মোহাম্মদপুরের ভাগ্য খারাপ।

তিনি বলেন, মোহাম্মদপুরের মানুষের ওপর একজন দুর্বল চিত্তের বহিরাগত মানুষকে বসিয়ে দিয়ে এ এলাকাকে সন্ত্রাসের আস্তানায় পরিণত করেছে‌। সন্ধ্যার পর এ অঞ্চল একটি ভূতুড়ে রাজ্যে পরিণত হয়। প্রশাসন আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তিনি আরো বলেন, আমরা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব। যদি অপরাধীরা গণরোষের শিকার হয় তার দায় প্রশাসনকে বহন করতে হবে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মামুনুল হক বলেন, মোহাম্মদপুরে যে এমপি নিয়োগ দিয়েছেন তিনি সরাসরি ব্যর্থ হয়েছেন। তাই মোহাম্মদপুরের জনগণের প্রতি বিশেষ নজর দিন।

জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহতামিম ও বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে সমাবেশে

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, জামিয়া ইসলামিয়া ওয়াহিদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জুবায়ের, বায়তুল জান্নাত মাদ্রাসার মুহতামিম মুফতি ওমর ফারুক।

মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, আজ সারাদেশে মোহাম্মদপুর আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। আমরা সন্ত্রাসমুক্ত শান্তির সমাজ চাই।

তিনি আরো বলেন, সীমান্তহত্যা চলছে। বিভিন্ন জায়গায় খুন ধর্ষণ চলছে। মোহাম্মদপুর সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কাপাসিয়ায় এক পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জাতিকে সংবিধানের ক্লাস নিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার দায় নিয়ে তাকে পদত্যাগ করা উচিত।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]