হাসপাতালে অভিযান চালিয়ে দালালদের আটকের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৬:১৬:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৬:১৬:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, যাদের টিকা দেয়া হয়েছে তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি হতে চার সপ্তাহ সময় লাগবে। তারপর হামের পরিস্থিতি স্বাভাবিক হবে।

সোমবার সকালে বরিশালের সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, তাদের সরকারের নির্বাচনি অঙ্গীকার হলো সবার জন্য স্বাস্থ্য পরিসেবা নিশ্চিত করা। তিনি প্রধান মন্ত্রীর সাথে কথা বলেছেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যেই বরিশাল বিভাগের শিশু হাসপাতাল পূর্ণাঙ্গ রূপে চালু করবেন।

তিনি আরো বলেন, চার বছর পর পর হামের টিকা দেওয়ার কথা ছিলো। ২০২০ সালের পর এর ধারাবাহিকতা না থাকায় হাম বর্তমান পরিস্থিতি ধারণ করেছে। বর্তমান সরকারের হাতে হামের কোনো ভ্যাকসিন ছিলনা। অল্প সময়ের মধ্যে টিকা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে রোগীর সংখ্যা কমেছে।

সকালে বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য মন্ত্রী। বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনকালে প্রথমেই টিকিট কাউন্টারের যান। সেখানে অনুপস্থিত থাকায় জসিম মাতুব্বর নামের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। পরে তিনি চিকিৎসকদের হাজিরাখাতা পরিদর্শন করেন এবং রোগীদের সাথে কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা ব্যবস্থার অবস্থা তেমন একটা ভালো নয়।

তত্ত্বাবধায়ককে নির্দেশ দেওয়া হয়েছে বহির্বিভাগের চিকিৎসা ব্যবস্থার ওপর সার্বক্ষণিক খেয়াল রাখতে। রোগীদের অভিযোগ এ হাসপাতালে দালালরা রোগীদের অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে। অভিযান চালিয়ে দালালদের আটক করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালের ভিতর-বাহির অপরিচ্ছন্ন থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করে তা ২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কার করার নির্দেশ দেন।

জেনারেল হাসপাতাল পরিদর্শনের পর তিনি নগরীর আমানতগঞ্জে শিশু হাসপাতাল পরিদর্শনে যান। এরপর তিনি বরিশাল শের ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]