ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন ৫ জুলাই

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৫:০৫:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৫:০৫:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন মামলায় ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ৫ জুলাই ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালত নতুন ওই দিন ধার্য করেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেন।

এদিন মামলাটিতে অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ছিল। তবে এদিন আসামির পক্ষে ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূইয়া ও অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিনসহ অনেকেই শুনানির জন্য সময়ের আবেদন করেন। আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের জন্য ওই দিন ধার্য করেন আদালত।

দুদকের দাখিল করা চার্জশিটে মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ, সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন তিনি। এছাড়া সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

২০২৪ সালে ‎কোরবানির জন্য ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে জানা যায় ওই যুবকের বাবা এনবিআর সদস্য এবং কাস্টমার,
এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইবুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]