স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১১ মে) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কেন্দুয়া উপজেলা শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় কয়েকজন ঔষধ কোম্পানির প্রতিনিধিকে ‘দালাল’ আখ্যা দিয়ে আটক করার ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন। এর প্রতিবাদে সারাদেশে চলমান কর্মসূচির অংশ হিসেবে কেন্দুয়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফারিয়া কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন খানের সঞ্চালনায় বক্তব্য দেন কামরুল হাসান, রিপন আকন্দ, রাসেল খান, হাবিবুর রহমান, শামীম আহমেদ, আব্দুর রহমান, আল আমীন খান ও জাকির হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যসেবায় কাজ করার পরও ঔষধ প্রতিনিধিদের ‘দালাল’ বলা অপমানজনক। তারা পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান।