নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিম অঞ্চলের প্রকল্পভিত্তিক ১ হাজার ৫০৫ জন গেইট কিপার ও গেইট ম্যানের চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে।
রোববার (১০ মে) সকাল থেকে বাংলাদেশ রেলওয়ে প্রকল্পের গেইট কিপার/গেইট ম্যান অ্যাসোসিয়েশন পূর্ব ও পশ্চিম অঞ্চলের কর্মীরা এ অবস্থান কর্মসূচি পালন করছেন।
অবস্থান কর্মসূচিতে তারা বলেন, ২০১৮ সালে মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ১৯৮৫ সালের নিয়োগ বিধি অনুযায়ী সরাসরি নিয়োগ পান ১ হাজার ৫০৫ জন গেইট কিপার ও গেইট ম্যান। একনেকের নির্দেশনা অনুযায়ী তাদের রাজস্ব খাতে স্থানান্তরের কথা বারবার বলা হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।
তারা জানান, চাকরি স্থায়ীকরণের দাবিতে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত কমলাপুর প্রশাসনিক ভবনের সামনে ১৭ দিন কর্মসূচি পালন করেছি। ওই সময় আন্দোলনে অংশ নেওয়া ৯ জন সহকর্মীর মৃত্যু হয়েছে।
সংগঠনটির দাবি, এ পর্যন্ত রেলপথ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ও একনেক পর্যায়ে মোট ১৫টি সভায় প্রকল্পের আওতায় কর্মরত অভিজ্ঞ গেইট কিপার ও গেইট ম্যানদের দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ২০২৩ সালে পূর্ব ও পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক, প্রকল্প পরিচালক ও সহকারী নির্বাহী প্রকৌশলীরাও এ বিষয়ে সুপারিশ করেন। ২০২৪ সালের ১৮ আগস্ট এক দফা দাবিতে রেলপথ মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি চলাকালে তৎকালীন সচিব, মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই বছর ১ নভেম্বরের মধ্যে যোগদানপত্র দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে নির্ধারিত সময় পার হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।
তাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে। অবস্থান কর্মসূচিতে শতাধিক গেইট কিপার ও গেইট ম্যানরা অবস্থান করছেন।