কুমিল্লায় প্রবেশপথের সড়ক যেন মরণফাঁদ

আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০১:০২:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০১:০২:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মহানগর থেকে প্রবেশ ও বের হওয়ার সাতটি সড়কের মধ্যে পাঁচটিরই বেহাল অবস্থা। প্রতিদিন এসব সড়কপথে হাজার হাজার যাত্রী বিভিন্ন যানবাহন নিয়ে চলাচল করছেন। সাম্প্রতিক বৃষ্টিতে এসব ভাঙাচোরা সড়কে পানি জমে রয়েছে। ফলে সিএনজি অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল, রিকশা, ভ্যান কখনো বিকল, কখনোবা উল্টে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীসহ পথচারীরা।

সরেজমিন দেখা যায়, কুমিল্লা মহানগরীতে প্রবেশের সড়ক সাতটি। এর মাঝে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদুয়ারবাজার ও শুয়াগাজী সড়ক ,বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী ,কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ময়নামতি সেনানিবাস, বিজিবি সেক্টরে যাতায়াতের রাস্তাটির দৌলতপুর, বলারামপুর, দিদার সমিতির সামনে, কাশিনাথপুর, ধনপুর, মঠপুস্কুরনী , ভিক্টোরিয়া ডিগ্রী কলেজ, ধর্মপুর , চম্পকনগর,রাজাপুর, ক্ষেতাসার এলাকায় যাতায়াতের সড়কের বেহাল দশা। প্রতিদিন এসব সড়কে হাজার হাজার মানুষ বিভিন্ন যানবাহন নিয়ে চলাচল করে। সড়কগুলো সংস্কার না করায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে মানুষ।

কান্দিরপাড় থেকে শাসনগাছা হয়ে আলেখারচরগামী সড়কটি কুমিল্লার অন্যতম ব্যস্ত সড়ক।

একটি আন্তঃজেলা বাস টার্মিনাল থাকায় এ স্থানের গুরুত্ব ও ব্যস্ততা অনেক বেশি। শাসনগাছা বাস টার্মিনাল থেকে আলেখারচর হয়ে ঢাকা, সিলেট, ব্রাহ্মবাড়িয়াসহ জেলার দাউদকান্দি, হোমনা, তিতাস, দেবিদ্বার, মুরাদনগর, কোম্পানীগঞ্জ, চান্দিনার বিভিন্ন স্থানে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলযোগে হাজার হাজার মানুষ চলাচল করেন। সড়কটির নোয়াপাড়া অংশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আলেখারচর মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশে নতুন করে সংস্কারকাজ চলায় দীর্ঘদিন ধরে যানচলাচল ব্যাহত হচ্ছে। এদিকে, নগরী থেকে শাসনগাছা হয়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়ক দুটি উপজেলার হাজার হাজার মানুষের নগরীর সঙ্গে সরাসরি যোগাযোগের অন্যতম সড়ক। সম্প্রতি সড়কটির বুড়িচং-ব্রাহ্মণপাড়া অংশ সংস্কার করা হলেও শাসনগাছা থেকে বের হওয়া কিংবা প্রবেশের মুখে শাসনগাছা ঈদগাহ মোড়, আড়াইওরা এলাকায় সড়কটির অনেক স্থানে খানাখন্দের কারণে চরম ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, নগরীর টমছম ব্রিজ থেকে কোটবাড়ী বিশ্বরোড পর্যন্ত রাস্তার টেন্ডার হয়েছে। অচিরেই কাজ শুরু হবে। শাসনগাছা থেকে বুড়িচং যাওয়ার রাস্তার কাজ চলমান। বাকি কাজ এক মাসের মধ্যে শেষ হবে। আলেখারচর রাস্তাটির সংস্কারকাজ চলমান রয়েছে। যানবাহন যাতায়ত করতে একটু সময় লাগছে। দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ হবে। ধর্মপুর, চম্পকনগর, ক্ষেতাসার রাস্তাটির তথ্য আমার জানা নেই। তবে খবর নিয়ে ব্যবস্থা নেব।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]