ভুয়া সমর্থনপত্র জমা দেওয়ার অভিযোগ, বিজয়ের বিরুদ্ধে এফআইআর

আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ১২:৪৭:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ১২:৪৭:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
তামিলনাড়ুতে সরকার কে গঠন করবে, ভোটের ফলাফল ঘোষণার পাঁচ দিন পরেও তা স্পষ্ট হয়নি। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় একাধিকবার লোকভবন থেকে খালি হাতে ফিরে গেছেন টিভিকে প্রধান বিজয় থালাপতি। এবার আইনি ঝামেলায় জড়ালেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ, আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজাঘামের (এএমএমকে) একমাত্র বিধায়কের ভুয়া সমর্থনপত্র দেখিয়ে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার রাতেই বিজয়ের দল দাবি করেছিল, তারা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে। অর্থাৎ ১১৮ জন বিধায়কের সমর্থন রয়েছে তাদের কাছে। তবে ১১৮ জন বিধায়কের সমর্থন আছে বলে মৌখিকভাবে জানালেও লিখিত প্রমাণ দেখাতে পারেননি বিজয় ।

তার পরেই এএমএমকের সাধারণ সম্পাদক টিটিভি দীনাকরণ বিজয়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানান। দীনাকরণের অভিযোগ, তার দলের একমাত্র বিধায়ক এস কামরাজের একটি ভুয়া সমর্থনপত্র রাজ্যপালের কাছে পেশ করেছিলেন বিজয়। তার দাবি, এএমএমকের বিধায়ক বিজয়ের দলকে সরকার গঠনের জন্য সমর্থন করেনি।

যদিও দীনাকরণের এই দাবি অস্বীকার করেছে বিজয়ের দল। টিভিকের দাবি, কামরাজ নিজের হাতে সমর্থনপত্রে সই করেছেন। দীনাকরণই তাতে অনুমোদন দিয়েছেন বলে দাবি করেছে টিভিকে।

ডিএমকে ও এডিএমকে, দ্রাবিড় রাজনীতির দুই প্রতিদ্বন্দ্বী দলকে নির্বাচনে পেছনে ফেলে সবচেয়ে বেশি আসন পেয়েছে বিজয়ের দল। তিনি যখন সরকার গঠনের চেষ্টা করছেন, ঠিক একই সময়ে ডিএমকের সমর্থন নিয়ে এডিএমকেও সরকার গঠনের চেষ্টা শুরু করেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]