পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী

আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৬:১৫:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৬:১৫:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপি শিবিরে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দুকেই সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছিল। শুক্রবার বিজেপির জয়ী ২০৭ জন বিধায়কের সঙ্গে বৈঠকের পর তাকে পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়, যার ফলে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তার পথ আনুষ্ঠানিকভাবে প্রশস্ত হয়।

শুক্রবার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এই বৈঠকে প্রধান পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন অমিত শাহ এবং সহকারী পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বৈঠক শেষে শাহ জানান, পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য আটটি প্রস্তাব জমা পড়েছিল এবং প্রতিটি প্রস্তাবেই একমাত্র নাম ছিল শুভেন্দু অধিকারীর। দ্বিতীয় কোনও নাম প্রস্তাব করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হলেও আর কোনও নাম সামনে আসেনি। সেই কারণেই সর্বসম্মতিক্রমে শুভেন্দুকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।

শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী বিধায়কদের সমর্থনপত্র নিয়ে রাজ্যপাল আরএন রবির কাছে সরকার গঠনের দাবি জানাবেন।

যদিও রাজনৈতিক মহলে মুখ্যমন্ত্রী পদ নিয়ে নানা আলোচনা ছিল, বিজেপির অন্দরে শুভেন্দুকে নিয়েই আস্থা ছিল সবচেয়ে বেশি। এর পেছনে অন্যতম কারণ, তিনি টানা দু’বার রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নির্বাচনি লড়াইয়ে পরাজিত করেছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে লড়ে ১,৯৫৬ ভোটে জয়ী হয়েছিলেন শুভেন্দু। সেই জয়ের পর এবার তিনি শুধু নন্দীগ্রামেই নয়, ভবানীপুর থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেন। মমতার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভবানীপুরেও তিনি জয় ছিনিয়ে নেন এবং সেখানে ১৫ হাজারেরও বেশি ভোটে মমতাকে পরাজিত করেন। ফলে রাজনৈতিকভাবে শুভেন্দুর উত্থান বিজেপির কাছে পশ্চিমবঙ্গের নেতৃত্বের স্বাভাবিক পছন্দ হয়ে ওঠে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]