ফতুল্লায় বিদ্যুতের খুঁটির স্পর্শে বৃদ্ধার মৃত্যু

আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৪:৫৭:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৪:৫৭:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুতের খুঁটির স্পর্শে নির্মূলা (৬৮) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে মাসদাইর পতেঙ্গা মোড় এলাকার আল-আমিন মসজিদ গলিতে এ দুর্ঘটনা ঘটে। বৃষ্টিতে তলিয়ে যাওয়া সড়কে থাকা একটি খুঁটি বিদ্যুতায়িত হয়ে পড়ায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহত নির্মূলা ফতুল্লা মডেল থানার চানমারী মাউড়া পট্টি এলাকার বাবুলের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি মৃত তৈয়ব আলীর স্ত্রী। জীবিকার তাগিদে তিনি ভিক্ষাবৃত্তি করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ইন্টারনেট সংযোগের একটি বক্স বাঁধা ছিল। টানা বৃষ্টিতে বক্সটি ভিজে গেলে সেখান থেকে বিদ্যুৎ খুঁটির শরীরে ছড়িয়ে পড়ে। শুক্রবার দুপুর দেড়টার দিকে নির্মূলা পাশের আল-আমিন মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত খুঁটিতে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ জানান, নিহত নির্মূলা ভিক্ষার উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে বিদ্যুতায়িত খুঁটির সংস্পর্শে এসে তিনি মারা যান। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অবহেলা ও ঝুঁকি-পূর্ণভাবে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ স্থাপনের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]