বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক কিনা সবার জানা উচিত

আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৪:৫৩:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৪:৫৩:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, থ্যালাসেমিয়া একটি জন্মগত রক্ত-স্বল্পজনিত জটিল রোগ। স্বামী-স্ত্রী দুজন যদি থ্যালাসেমিয়া বাহক হন, শুধু তখনই সন্তানদের এই রোগ হতে পারে। আমরা অনেকেই জানিনা কে এই থ্যালাসেমিয়া বাহক। এ জন্য বিয়ের আগে ছেলে-মেয়েদের থ্যালাসেমিয়া বাহক কিনা সবার জানা উচিত।

শুক্রবার ঢাকায় মালিবাগ হোসাব টাওয়ারে অবস্থিত বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতাল আয়োজিত বিশ্ব থ্যালাসিমিয়া দিবস উপলক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয় সোশ্যাল সেপটিনিটি প্রোগ্রাম বাস্তবায়ন করছে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে এবং বিভিন্ন ক্ষেত্রে কর্মদক্ষ করে দেশের মানুষকে মেইনস্ট্রিমে নিয়ে আসতে চাই।

তিনি বলেন, আমাদের দেশে প্রতি ৯ জনে একজন থ্যালাসেমিয়া রোগের বাহক। প্রতি বছর বাংলাদেশে প্রায় ৮ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নিচ্ছে। থ্যালাসেমিয়া প্রতিরোধে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে।

মন্ত্রী বলেন, মিডিয়াই পারে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে। এ জন্য তিনি সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় জনসচেতনতা জন্য থ্যালাসিমিয়া প্রতিরোধে কনটেন্ট তৈরি করে প্রচার-প্রচারণা চালানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

এর আগে মন্ত্রী বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের ডে-কেয়ারের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তি করা রোগীদের সঙ্গে কথা বলেন ও তাদের স্বাস্থ্য সেবা সম্পর্কে খোঁজখবর নেন।

বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মনজুর মোরশেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য করেন– সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ,
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের চিফ মেডিক্যাল অফিসার ডা. সাজিয়া ইসলাম ও ডা. হুমায়ুন কবির।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]