আমি হিসাব চাইলে কবর থেকে উঠিয়ে এনে হিসাব নেব

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৮:৪৫:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৮:৪৫:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গ্যাস সংযোগের সংকট ও দীর্ঘদিনের ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেছেন, যে চুরির গ্যাস লাইন দিছেন, এসবের হিসাব চাইলে একজনেরও চাকরি থাকত না। আমি হিসাব চাইলে কবর থেকে উঠিয়ে এনে হিসাব নেব।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ২টা ৪০ মিনিটে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাপাপুরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অফিস অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইমাম উদ্দিন শেখকে উদ্দেশ করে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, ১৫ দিনের মধ্যে আমাকে জানান। লাইন কাটার দরকার নাই। যাদের গ্যাস দিতে পারছেন না, তাদের বিল স্থগিত করুন।

এ সময় তিনি আরও কঠোর ভাষায় বলেন, যেসব এলাকায় নিয়মিত বিল নেওয়া হলেও স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না, সেসব এলাকার গ্রাহকদের বিল স্থগিত করতে হবে।

এমপি অভিযোগ করেন, অনেক এলাকায় নিয়মিত বিল আদায় করা হলেও গ্রাহকরা কাঙ্ক্ষিত গ্যাস সুবিধা পাচ্ছেন না। এতে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে।

তিনি বলেন, গ্যাস না দিয়ে গ্রাহকদের কাছ থেকে বিল আদায় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেসব এলাকায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, সেখানে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সভায় তিনি ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইমাম উদ্দিন শেখকে দ্রুত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে পরিস্থিতির অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করার নির্দেশ দেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]