প্রধান শিক্ষকের সামনেই স্কুলছাত্রীকে যুবলীগ নেতার স্ত্রীর মারধর

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৫:৩৫:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৫:৩৫:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরের জিয়ানগরে প্রধান শিক্ষকের সামনেই স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে যুবলীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দরিচড় গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জাকিয়া সুলতানা (৩০) একই এলাকার বাসিন্দা এবং ৭ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা সবুজ খানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) সঞ্চয়ের টাকা আত্মসাতের চেষ্টাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে এ বিরোধকে কেন্দ্র করে নুসরাত ও তার পরিবারকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ভয়ের কারণে নুসরাত প্রায় ১০ দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। বিদ্যালয়ে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক মোস্তফা ফয়সাল শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলে নিজ দায়িত্বে তাকে বিদ্যালয়ে নিয়ে আসছিলেন। বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে পথে জাকিয়া সুলতানা নুসরাতের ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগে জানানো হয়।

প্রধান শিক্ষক মোস্তফা ফয়সাল বলেন, শিক্ষার্থী হুমকির কারণে স্কুলে আসছিল না। তাই তিনি নিজেই বাড়ি থেকে নিয়ে আসছিলেন। পথে অভিযুক্ত নারী ছাত্রী নুসরাতকে মারধর করেন। বাধা দিতে গেলে তিনিও আঘাত পান বলে দাবি করেন।

অভিযুক্ত জাকিয়া সুলতানা ও তার স্বামী সবুজ খান পূর্বের বিরোধের জেরে মারধরের ঘটনা স্বীকার করলেও জুতাপেটার অভিযোগ অস্বীকার করেছেন।

জিয়ানগর থানার ওসি মো. মহব্বত খান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]