নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছেন একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের প্রাণকেন্দ্র গৌরাঙ্গ বাজার মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এ সময় গৌরাঙ্গ বাজারের তিন রাস্তার মোড়ে সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায় আধা ঘণ্টা পর কর্মসূচি শেষ হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় গৌরাঙ্গ বাজারের তিন রাস্তার মোড়ে সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায় আধা ঘণ্টা পর কর্মসূচি শেষ হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি হুমায়ুন কবির অমি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রাতুল, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ আহমেদ, গুরুদয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সানি আহমেদ খান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসানসহ নেতাকর্মীরা।
পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসান বলেন, ‘কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেটি সম্পূর্ণ সিন্ডিকেটের মাধ্যমে করা হয়েছে। আমরা এই কমিটি মানি না, মানব না। ছাত্রদলের অভিভাবক বিএনপির চেয়ারম্যানের কাছে আমরা আকুল আবেদন জানাই, বিষয়টি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হোক। আমরা কোনো সিন্ডিকেটের কমিটি মেনে নেব না। ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামব।’
২ মে রাতে কেন্দ্রীয় ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করে। এরপর থেকেই একাংশের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। গত বছরের ১৫ মে ঘোষিত কমিটি ২০ দিনের মাথায় স্থগিত করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর নতুন কমিটি ঘোষণা করা হলেও আগের কমিটির সাধারণ সম্পাদক রেদোয়ানুর রহমান ওয়াকিউরকে বাদ দেওয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়।