​মাধবপুরে র‍্যাবের অভিযানে ট্রাক থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ১২:৩৬:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ১২:৩৬:১৪ অপরাহ্ন
‎

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-৯। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎বুধবার (৬ মে) দুপুরে র‍্যাব-৯, সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-৯ এর সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ) ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে জানতে পারে, একটি ট্রাকে করে মাদকদ্রব্য ঢাকা অভিমুখে পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে রাত দেড়টার দিকে মাধবপুর পৌর এলাকার সিলেট-ঢাকা মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
‎
‎চেকপোস্টে একটি ট্রাককে থামানোর সংকেত দিলে সেখান থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব সদস্যরা তাঁদের আটক করেন।
‎
‎আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁদের কাছে মাদকদ্রব্য থাকার বিষয়টি স্বীকার করলে ট্রাকটি তল্লাশি করা হয়। এ সময় একটি সিমেন্টের বস্তার ভেতর স্কচ টেপে মোড়ানো অবস্থায় ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
‎ঘটনাস্থল থেকেই ট্রাকসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার নুরুল্যাগঞ্জ গ্রামের মৃত শুক্ররাম মোল্লার ছেলে করিম (৪০) এবং মো. মেহেদী হাসান (৩২)।
‎
‎র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছেন।
‎
‎এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের এবং জব্দ করা আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]