ঝালকাঠির হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ১০:৫৭:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ১০:৫৭:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, ঝালকাঠি জেলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য আমার একটা পরিকল্পনা আছে, সে অনুযায়ী কাজ করতে চাই।

গতকাল বুধবার রাতে গুলশানের আফিসে ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি, ঢাকার নেতাদের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

এ সময় ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ঝালকাঠির প্রতি আমি নাড়ির টান অনুভব করি সব সময়। সেই টান থেকেই মানুষের জন্য কাজ করতে বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে দেশে চলে এসেছি। যে মাটিতে জন্মেছি, বেড়ে উঠেছি, সেখানকার জন্য, মানুষের জন্য ভালো কিছু কাজ করতে চাই। এই চিন্তা থেকে প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। আমার লক্ষ্যে অটল, কাজের ব্যাপারে আমি অত্যান্ত আশাবাদী।

তিনি বলেন, ঝালকাঠির শীতলপাটি, রূপান্তর গহনা, গামছার মতো ঐতিহ্যবাহী অনেক পণ্যের সারাদেশে সুনাম রয়েছে। পেয়ারা, আমড়া, সুপারিসহ অনেক কৃষিপণ্য প্রশংসা কুড়িয়ে আসছে। এ ধরনের অনেক পণ্য এখন বিলুপ্তর পথে। এ ছাড়া বিসকি, মলিদা, তাল গড়গইড়্যাসহ অনেক সুস্বাদু ও মুখরোচক খাবারও এখন আর দেখা যাচ্ছে না। এসব পণ্য ও খাবার প্রক্রিয়াজাত করে, সময়োপযোগীভাবে বাজারজাতের ব্যবস্থা হলে এবং কাঁচামাল আধুনিক পদ্ধতিতে সংগ্রহ ও সংরক্ষণ করা হলে তা থেকে বহুমুখী পণ্য প্রস্তুত করা সম্ভভ হবে। এর মাধ্যমে রক্ষা পাবে জেলার ঐতিহ্য, কর্মসংস্থান সৃষ্টি হবে।

ঝালকাঠির ইকোপার্ক নিয়ে নিজের পরিকল্পনার কথা উল্লেখ করতে গিয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী আরও বলেন, এখানকার প্রতিটি উপজেলার সংস্কৃতি নিয়ে আলাদা আলাদা কর্ণার করা হবে। সেখানে ইতিহাস-ঐতিহ্য, নানা উপকরণ ও জিনিসপত্র স্থান পাবে। সেখানে একজন মানুষ গেলে যাতে পুরো জেলার সম্পর্কে একটা পূর্ণ ধারণা পান। এভাবে বিভাগও করা গেলে সেটি একটি দারুণ ব্যাপার হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক শামীম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর স্টাফ রিপোর্টার মাহফুজ সাদি, অর্থ সম্পাদক দৈনিক কালবেলার অনলাইন সিনিয়র রিপোর্টার শাহাবুদ্দিন মাহতাব, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার বার্তার ফটোসাংবাদিক মোস্তফা কামাল জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক গণকন্ঠের চীফ রিপোর্টার মোরতুজা আমিন ডিলন, নির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান (মাসুম মিজান), হুমায়ন কবির।

বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা জিয়াউদ্দিন হায়দারের স্বাস্থ্য খাতে দীর্ঘ ও বিস্তৃত কাজের অভিজ্ঞতা থাকায় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে থাকাকালীন কৃষক কার্ডসহ স্বাস্থ খাতের বিভিন্ন বিষয়ে পরিকল্পনা করেছেন, যা এখন আলোর মুখ দেখছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]