শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই

আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৭:৩৪:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৭:৩৪:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে চট্টগ্রাম জেলার কেরানিহাট এলাকায় এক বিশাল মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

মিছিল শেষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেন, “দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিক সমাজ। শ্রমিকদের ঘাম, শ্রম ও ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে জাতীয় উন্নয়নের ভিত। তাই শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।”

তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সকল অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় শ্রমিক শ্রেণির ভূমিকা অপরিসীম। শ্রমিকের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত না হলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন কখনো সম্ভব নয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিকনেতা মোহাম্মদ ইসহাক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ার উল আলম চৌধুরী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন।

শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এবং জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন সাতকানিয়া জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, সমাজকল্যাণ সেক্রেটারি রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি দিদারুল ইসলাম, মাওলানা খানে আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মিজান শিকদার।

সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমবান্ধব রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]