​টানা বর্ষণে কেন্দুয়ার হাওরে ৮৭৩ হেক্টর ফসল তলিয়ে কৃষকের হাহাকার

আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১২:১৭:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৬ ১২:১৭:৪৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

টানা তিন দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিভিন্ন হাওরাঞ্চলের ৮৭৩ হেক্টর জমির বোরো ধান ও অন্যান্য ফসল তলিয়ে গেছে। এতে কৃষকদের মধ্যে নেমে এসেছে চরম হতাশা ও হাহাকার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার জালিয়ার হাওর, কালিয়াইন বিল, আবদাইল হাওর, গোদিয়ার হাওর, বগাজান বিল, গোগ, জালালপুর ও বিষ্ণপুর হাওরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পাকা ও আধাপাকা ধান পানির নিচে তলিয়ে আছে। কোথাও কোথাও কৃষকরা কোমরসমান পানিতে নেমে ধান কাটার চেষ্টা করছেন।

কৃষকরা জানান, অনেক কষ্টে চাষাবাদ করে যখন ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই টানা বর্ষণে সব স্বপ্ন ভেসে গেছে। শ্রমিক সংকটের কারণে আগেই ধান কাটতে পারেননি। এখন অনেক জমির ধান দুই থেকে তিন ফুট পানির নিচে চলে গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর কেন্দুয়ায় ২০ হাজার ৭৩০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। গত ২৭ থেকে ২৯ এপ্রিলের ভারি বৃষ্টিতে ৮৭৩ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে হাওরাঞ্চলে ৪৪৫ হেক্টর এবং নন-হাওর এলাকায় ৪১৫ হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। এছাড়া পাট ৭ হেক্টর, সবজি ৫ দশমিক ৫ হেক্টর এবং আউশ বীজতলাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা বলেন, উপজেলার ১৩টি ইউনিয়নের সবকটিই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]