দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা উচ্ছেদ, জরিমানা

আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০৭:৫৮:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০৭:৫৮:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা উচ্ছেদ করেছে জেলা ও উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চন্দনগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে এমবিএস ব্রিকস ও ফাইভ স্টার ব্রিকস নামের ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
 
প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ইটভাটাগুলো পরিচালিত হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ ও প্রশাসনের নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯’-এর ৮(৩) ধারা লঙ্ঘনের দায়ে এমবিএস ব্রিকসকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটাটির চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্রায় ১০ হাজার কাঁচা ইট ধ্বংস করা হয়।

পরে ফাইভ স্টার ব্রিকসেও একই আইনের আওতায় আরও ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের চিমনি ভেঙে দেওয়া হয়। উভয় ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহমুদ। এ সময় পরিবেশ অধিদপ্তর কুমিল্লার একটি দল উপস্থিত ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন বলেন, “পরিবেশের ক্ষতি করে কোনো অবৈধ ইটভাটা পরিচালনার সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]