ফ্যাসিস্ট আমলে নির্যাতনের ঘটনায় ১৮৫৫ মামলা: সংসদে আইনমন্ত্রী

আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০১:৩৪:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০১:৩৪:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বিগত ফ্যাসিস্ট আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় এক হাজার ৮৫৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি জানান, এর মধ্যে হত্যা মামলার সংখ্যা ৭৯৯টি এবং অন্যান্য ধারার অধীনে এক হাজার ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে কুড়িগ্রাম- ১ আসনের (জামায়াত) সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

দেশের বিভিন্ন জেলার থানাগুলোতে দায়েরকৃত এক হাজার ৮৫৫ টি মামলার মধ্যে ১৫৮টি মামলার তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, যার মধ্যে হত্যা মামলা ৪৮ টি এবং অন্যান্য মামলা ১১০টি। বাকি এক হাজার ৬৯৭টি মামলার তদন্ত চলমান আছে। এই বিপুল সংখ্যক মামলার তদন্ত জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া হলেও দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে পুলিশ বিভাগ কাজ করে যাচ্ছে। প্রতিটি মামলার সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে বিচারের সময় কোনো আইনী দুর্বলতা না থাকে।

আইনমন্ত্রী বলেন, জামিনের বিষয়টি সম্পূর্ণরূপে আদালতের এখতিয়ারাধীন। তবে, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় যুক্তি উপস্থাপনপূর্বক সক্রিয়ভাবে আসামীদের জামিনের বিরোধিতা করছেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত নৃশংস অপরাধের শিকার ব্যক্তিগণ এবং ভুক্তভোগী পরিবারগুলোকে ন্যায়বিচার প্রদানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যারা নিরীহ মানুষদের হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, পঙ্গু করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার বিষয়ে সরকার নিরলসভাবে কাজ করছে।

বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের নামে কতটি মামলা দায়ের হয়েছে সে সংক্রান্ত পরিসংখ্যান সরকারের কাছে নেই বলে সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগারের প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানান। তবে মন্ত্রী বলেন, এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে।

সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার আইনমন্ত্রীর কাছে জানতে চান, সারা দেশে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের নামে বিগত ফ্যাসিস্ট সরকারের দায়েরকৃত হয়রানিমূলক কতটি মামলা দায়ের করা হয়েছে, ওই মামলাগুলো প্রত্যাহার করার কোনো পরিকল্পনা আছে কি না।

জবাবে আইনমন্ত্রী বলেন, মামলা দায়ের করার সময় এজাহারে অভিযুক্তের দলীয় পরিচয় উল্লেখ থাকে না। ফলে সারা দেশে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে কতগুলো মিথ্যা ও হরানিমূলক মামলা দায়ের করা হয়েছে, তার সঠিক পরিসংখ্যান নিরূপন করা সম্ভব নয়। এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই।

তবে মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাওয়া তথ্যের উল্লেখ করে বলেন, ২০০৭ সাল থেকে ১১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এক লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]