অবৈধ কর্মীদের বৈধতার উদ্যোগ নিয়েছে রোমানিয়া

আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ১১:২০:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ১১:২০:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া অবৈধভাবে অবস্থানরত বিদেশি কর্মীদের জন্য শর্তসাপেক্ষে বৈধ হওয়ার একটি নতুন সুযোগ চালু করেছে। এ লক্ষ্যে দেশটির সরকার একটি জরুরি অধ্যাদেশ জারি করেছে, যার ফলে বৈধভাবে প্রবেশ করেও পরে নানা কারণে অনিয়মিত হয়ে পড়া কর্মীরা আবার আইনি মর্যাদা ফিরে পাওয়ার সুযোগ পাবেন। এতে বাংলাদেশি কর্মীরাও উপকৃত হতে পারেন।

 
গত ২৩ এপ্রিল জারি করা জরুরি অধ্যাদেশ নং-৩২ অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা অবৈধ কর্মীদের নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। অধ্যাদেশটি ২৭ এপ্রিল অফিসিয়াল গেজেটে প্রকাশিত হয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে রোমানিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। তাদের মতে, এর ফলে বহু বাংলাদেশি কর্মীর অবস্থান নিয়মিত করার পথ খুলবে।

এই সুবিধা মূলত তাদের জন্য প্রযোজ্য, যারা বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছিলেন কিন্তু পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে অবৈধ হয়ে যান। যেমন কোনো কর্মী ওয়ার্ক ভিসা নিয়ে প্রবেশের পর নিয়োগকর্তা যদি তাকে কাজে না নেয় এবং নির্ধারিত ৯০ দিনের মধ্যে নতুন চাকরি না পান, তাহলে তিনি অনিয়মিত হয়ে পড়েন।

এছাড়াও কিছু ক্ষেত্রে নিয়োগকর্তারা কর্মীদের বেতন থেকে কর কেটে নিলেও তা যথাযথভাবে সরকারকে জমা দেন না বা সময়মতো প্রয়োজনীয় নথিপত্র সম্পন্ন করেন না। এসব কারণে অনেক কর্মী অনিচ্ছাকৃতভাবে অবৈধ অবস্থায় চলে যান।

নতুন বিধান অনুযায়ী, যারা ইতোমধ্যে অবৈধ অবস্থায় আছেন, তাদের আইন কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। এ সময়ের মধ্যে একটি বৈধ নিয়োগকর্তা খুঁজে নিয়ে তার মাধ্যমে ওয়ার্ক পারমিট সংগ্রহ এবং পরে টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে।

যেহেতু এটি নতুন উদ্যোগ, তাই প্রাথমিক পর্যায়ে কিছু জটিলতা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে যেসব ব্যক্তি ইতোমধ্যে ‘রিটার্ন ডিসিশন’ পেয়েছেন বা অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছেন, তারা এই সুযোগের আওতায় আসবেন না। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এই বিশেষ সুবিধা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]